
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিনিধি Katha24.com
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও অবকাঠামোগত খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
ঢাবির অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ৯টি আবাসিক হল (ছাত্রদের জন্য ৪টি ও ছাত্রীদের জন্য ৫টি), ৬টি একাডেমিক ভবন (এর মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরি অন্তর্ভুক্ত), কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার, প্রশাসনিক ভবন, খেলার মাঠ উন্নয়নসহ জিমনেসিয়াম নির্মাণ, জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন, রোড নেটওয়ার্ক উন্নয়ন এবং পাবলিক টয়লেট নির্মাণ।
একই সঙ্গে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের জন্য ২১ তলা ভিতসহ ২১ তলা একাডেমিক ভবন, স্বাধীনতা টাওয়ার এবং ১৫ তলা ভিত দিয়ে ১৫ তলা আইটি হাব ভবন নির্মাণ কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আবাসন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং বিশ্ববিদ্যালয় আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপ নেবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।